বাসে ডাকাতি, অস্ত্রের মুখে ৫০ যাত্রীকে জিম্মি করে দুই নারীকে ধর্ষণ – Daily Gazipur Online

বাসে ডাকাতি, অস্ত্রের মুখে ৫০ যাত্রীকে জিম্মি করে দুই নারীকে ধর্ষণ – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাসে ডাকাতি ও দুই নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার থানার মোড় থেকে বাসটি জব্দ করার পাশাপাশি ডাকাতিতে জড়িত সন্দেহে বাসটির চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে গাজীপুর জেলার চান্দুরা থেকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ইউনিক রোড রয়েল্স (ময়মনসিংহ-ব ১১-০০৬১) নামে চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতির ঘটনাটি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা পুলিশ বড়াইগ্রাম থানা পুলিশকে জানালে পুলিশ বাসটি জব্দ করে ও ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে চালক বাবলু আলী (৩০), সুপারভাইজার সুমন ইসলাম (৩৩) ও হেলপার মাহবুব আলমকে (২৮) আটক করে।
আটক বাবলু রাজশাহী জেলার বোয়ালিয়া থানার শাহমুকদুম কলেজ এলাকার আব্দুল গফুরের ছেলে, সুপারভাইজার সুমন সাধুর মোড় গ্রামের আব্দুল আজিজের ছেলে ও হেলপার মাহবুব পূর্ব কাঁঠালিয়া গ্রামের আঙুর মণ্ডলের ছেলে।
মজনু আকন্দ নামে এক যাত্রী জানান, সোমবার রাত ১১টার দিকে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে রাজশাহী যাওয়ার জন্য ছেড়ে যায় ইউনিক রোড রয়েল্স নামের বাসটি। কিছুক্ষণ পর আটজন ডাকাত ছুরি এবং পিস্তল নিয়ে বাসের চালকসহ সবাইকে জিম্মি করে। এসময় বাসের ৫০ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মূল্যবান জিনিসপত্র নিয়ে নেয় এবং দুই নারী যাত্রীকে ধর্ষণ করে।
পরে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকার ফাঁকা স্থানে নেমে পালিয়ে যায় ডাকাত দল।
ওই যাত্রী আরও বলেন, বিষয়টি মির্জাপুর থানায় জানানো হলেও তাদের কোনো ভূমিকা না থাকায় নাটোরের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় পৌঁছালে চারজন যাত্রী বাসটি থামিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ বাসসহ তিনজনকে আটক করে।
ওমর আলী নামের যাত্রী জানান, ডাকাতির ঘটনায় চালক, সুপারভাইজার ও হেলপার বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts