সিলেটের বিশ্বনাথ উপজেলায় বন্ধুত্বের সম্পর্ক রূপ নেয় মর্মান্তিক পরিণতিতে। মাদকাসক্ত অবস্থায় বন্ধুর কুড়ালের আঘাতে শাহ আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে।
নিহত শাহ আলম উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ছিফত আলীর ছেলে। তিনি প্রতাপপুর হানিফ শাহ মাজারের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের পশ্চিম ধলিপাড়া গ্রামে অভিযুক্ত মিজানুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। মিজানুর রহমান স্থানীয় দলিল লেখক বশির উদ্দিনের ছেলে।
সূত্র জানায়, শাহ আলম ও মিজানুর রহমান দীর্ঘদিনের বন্ধু ছিলেন। তারা একসঙ্গে চলাফেরা করতেন এবং মাদক সেবনের সঙ্গেও জড়িত ছিলেন বলে জানা গেছে। ঘটনার দিন শাহ আলম মিজানুরের বাড়িতে গেলে হঠাৎ করে তাকে কুড়াল দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
পুলিশ জানায়, গ্রেফতারের পর মিজানুর রহমান মাদকের প্রভাবে অচেতন অবস্থায় রয়েছে। ফলে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মানছুরা আক্তার এবং বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে এবং তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এ হত্যাকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা দ্রুত বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

