নগরীর বায়েজিদের শেরশাহ এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম মো. আরিফুল ইসলাম। তিনি আনোয়ারা উপজেলার জুইদণ্ডী এলাকার বাসিন্দা। তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিকের অনুসারী হিসেবে পরিচিত। গতকাল শেরশাহ উত্তর বাংলা বাজার এলাকার শাহিন মেটাল ইন্ডাস্ট্রিজ নামের একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আরিফুল কক্সবাজার থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে এনে বিক্রি করে আসছিলেন। বায়েজিদ থানার ওসি আব্দুল করিম আজাদীকে বলেন, এনসিপির কর্মী আরিফকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছেন ওসি।




