| ১৯ June ২০২৬ Friday ৫:৩৮:১৪ PM | |

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা রাফিন তালুকদারকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ছাতিয়া গ্রামে নিজ বাড়িতে রাফিন তালুকদারকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেফতারের পর রাতভর তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাফিন তালুকদার উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাতিয়া গ্রামের মো. সিরাজুল ইসলাম তালুকদারের ছেলে এবং সরকারি বরিশাল কলেজের ডিগ্রির শেষ বর্ষের শিক্ষার্থী। রাফিন বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপরতা বাড়ায়। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “রাফিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
রাফিন তালুকদারকে গ্রেফতার ও জেলহাজতে প্রেরণের ঘটনায় এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


