হবিগঞ্জের লাখাইয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
র্যালির অগ্রভাগে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল করিম, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, পল্লী জীবিকায়ন প্রকল্প (পজীব) কর্মকর্তা এ কে এম আব্দুস শাহেদ এবং সমবায় কর্মকর্তা অসিত সেনগুপ্তসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুব সংগঠনের সদস্যরা।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সভাপতিত্বে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার অপারেটর রতন চন্দ্র আচার্য্যের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন রতন চন্দ্র আচার্য্য।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল করিম। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, পজীব কর্মকর্তা এ কে এম আব্দুস শাহেদ, সমবায় কর্মকর্তা অসিত সেনগুপ্ত এবং তেঘরিয়া যুব সংঘের নেত্রী মায়ানুর আক্তার।
আলোচনা সভা শেষে মায়ানুর আক্তার, ইতি রানী মোদক ও যশোদা রানী নামের তিনজন যুব মহিলার মাঝে মোট ৪ লাখ টাকার যুব ঋণের চেক এবং বিভিন্ন সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। একই সাথে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন যুবক ও যুব মহিলার হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন যুব সংগঠন ও উপস্থিত তরুণ-তরুণীদের মাঝে একশত ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

