বরিশালে অতিরিক্ত ভাড়ার অভিযোগে ২০০ থ্রি-হুইলার আটক করল শিক্ষার্থীরা

বরিশালে অতিরিক্ত ভাড়ার অভিযোগে ২০০ থ্রি-হুইলার আটক করল শিক্ষার্থীরা

২৯ June ২০২৬ Monday ১:৪৫:০৭ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বরিশালে অতিরিক্ত ভাড়ার অভিযোগে ২০০ থ্রি-হুইলার আটক করল শিক্ষার্থীরা

বরিশাল নগরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে প্রায় ২০০ ব্যাটারিচালিত ও গ্যাসচালিত থ্রি-হুইলার আটক করেন ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। পরে বরিশাল সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত নতুন ভাড়ার তালিকা নির্ধারণের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে নগরীতে ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও এলপিজিচালিত থ্রি-হুইলারের চালকরা নির্ধারিত ভাড়ার পরিবর্তে ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায় করছেন।

জানা গেছে, কোনো সরকারি ভাড়ার তালিকা না থাকায় প্রতিটি যাত্রায় ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এতে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছেন।

প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। পরে শতবর্ষ গেট ও মসজিদ গেটে অবস্থান নিয়ে বিভিন্ন থ্রি-হুইলারের ভাড়া যাচাই করেন।

যেসব চালক নির্ধারিত বা যুক্তিসঙ্গত ভাড়া নিয়েছেন, তাদের গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সেসব যানবাহন কলেজ ক্যাম্পাসে আটকে রাখা হয়। দুই প্রবেশপথ মিলিয়ে প্রায় ২০০টি থ্রি-হুইলার আটক করা হয়।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসমাইল আজম বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে দীর্ঘদিন ধরে যাত্রীদের সঙ্গে চালকদের বিরোধ সৃষ্টি হচ্ছে। এমনকি ভাড়া নিয়ে প্রতিবাদ করায় কিছু শিক্ষার্থী চালকদের হাতে মারধরেরও শিকার হয়েছেন। বিষয়টির স্থায়ী সমাধানের দাবিতেই তারা আন্দোলনে নেমেছেন।

বিকেলে বরিশাল সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে দ্রুত নতুন ভাড়া তালিকা নির্ধারণের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা আটকে রাখা যানবাহন ছেড়ে দেন এবং কর্মসূচি প্রত্যাহার করেন।

বিএম কলেজের অধ্যক্ষ শেখ তাজুল ইসলাম জানান, আগামীকাল সোমবার সকাল ১১টার মধ্যে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসকের সমন্বয়ে থ্রি-হুইলারের নতুন ভাড়া নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং বর্তমানে নগরীতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts