সিনেমার শেষ দৃশ্যে জানাজায় সেই ব্রাউন কালারের কফিন, মোনাজাত আর বৃষ্টি। পিতার সঙ্গে অপার্থিব ট্রেন ভ্রমণের পর লাশটিকে কবর দেওয়া হলো। লাশের সঙ্গে কবরস্থ হলো ছেলের পাঠানো পোস্টকার্ডগুলো। যেখানে লেখা ছিল, ‘আমাদের বাংলাদেশ ট্রিপে কি আমরা কখনো যাব না?’ বনলতা এক্সপ্রেসে ভ্রমণের মধ্য দিয়ে পুত্রের বাংলাদেশ ট্রিপ সম্পন্ন হলো।
এই সিনেমায় অনেক কিছুই প্রথমবারের মতো ঘটে। লেবার রুমে প্রেমে পড়া, চলন্ত ট্রেনে লাইভ কনসার্ট করা, এক হানিমুনে দুই কাপলের অরণ্য অভিসার করা, কবিতা লেখার কারণে মন্ত্রিত্ব চলে যাওয়া; নিজের শিক্ষক, মাসহ মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করার আকস্মিক প্লট তৈরি হওয়া। এই সিনেমায় অনেক কিছুই আছে। সেই অনেক কিছুর সঙ্গে ব্লক ইউনিভার্স মডেল আছে, টিনটিনের হ্যাডক আছে, ‘কালহোনাহো’র শাহরুখ খান আছেন, ওমর খৈয়ামের রুবাইয়াৎ আছে, রতন জর্দার তিনটা কৌটা আছে, ছিটমহল আছে, নতুন কুঁড়ি আছে, ‘মদারু শ্রেষ্ঠ’ পদক আছে, সুফিবাদী ফিরিস্তি আছে, কার্ল মার্ক্সের ফ্যান আছে, পিথাগোরাসের ম্যাজিক্যাল নাম্বার আছে, ম্যাজিশিয়ান ও ম্যাজিক আছে, এমনকি ম্যাজিক রিয়েলিজমও আছে, সঙ্গে আছে আইয়ুব বাচ্চুর গিটার। আইয়ুব বাচ্চু যখন সলো গিটার বাজান তখন গানের জন্য কেউ অপেক্ষা করে না। সবকিছু মিলিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ এককথায় সর্বাঙ্গসুন্দর।
তবু একটুখানি দুঃখ। এই সিনেমা অনেকবার জংশন পেরিয়েছে; কিন্তু একটিবারও গৌরীপুর জংশন এল না। কেন এল না, এ দুঃখ কে ঘোচাবে?
সবশেষে বলতে চাই, ইন অল রেসপেক্ট, মিডিয়ায় হুমায়ূন আহমেদের স্মার্ট প্রেজেন্টেশন ‘বনলতা এক্সপ্রেস’, মঞ্চে যেমন ‘নদ্দিউ নতিম’।

