হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে গড়ে তোলার ঘোষণা ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নবীগঞ্জ উপজেলায় আকলুস আহমেদ রিয়াজ (২৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এবং স্থানীয়ভাবে আকলুস আহমেদ রিয়াজ হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে এলাকায় উত্তেজনা সৃষ্টি ও জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় পুলিশ তাকে গ্রেফতারের উদ্যোগ নেয়।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে নবীগঞ্জ উপজেলার দত্তগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃত আকলুস আহমেদ রিয়াজ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, উসকানিমূলক বক্তব্য দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগে আকলুস আহমেদ রিয়াজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
