ফেনীতে সাংবাদিককে মারধরের পর নদীতে ফেললেন অবৈধ বালু উত্তোলনকারীরা

ফেনীতে সাংবাদিককে মারধরের পর নদীতে ফেললেন অবৈধ বালু উত্তোলনকারীরা

পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর এলাকায় ফেনী নদীর তীরসংলগ্ন অবৈধ বালুমহাল নিয়ে সংবাদ সংগ্রহ করতে যান মোহনা টেলিভিশনের প্রতিনিধি এম নিজাম উদ্দিন মজুমদার। ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করার সময় হঠাৎ হেলমেট পরা কয়েকজন লোক অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে মারধর করে নদীতে ফেলে দেয়। পাশাপাশি আগ্নেয়াস্ত্র দেখিয়ে গুলি করে হত্যারও হুমকি দেয়। পরে তিনি সাঁতরে তীরে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ইট ও কাঠের টুকরার আঘাতে মাথা, মুখমণ্ডল, চোখ ও পায়ে আঘাত পেয়েছেন তিনি।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ছাগলনাইয়া থানায় হত্যাচেষ্টার মামলা করেন নিজাম উদ্দিন মজুমদার। মামলায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। জানতে চাইলে ছাগলনাইয়া ওসি আবু তাহের জানান, মামলা পরপরই শুক্রবার অভিযান চালিয়ে অভিযুক্ত ইউসুফ হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, মূল আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং তাঁদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

Explore More Districts