
জেরুজালেম, ৮ সেপ্টেম্বর – ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরায়েলের অবৈধ বসতি এলাকায় উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। গত মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইডি মিলিব্যান্ড পার্লামেন্টে এই ঘোষণা দেন এবং জানান যে ফিলিস্তিনি ভূখণ্ডে গড়ে তোলা অবৈধ বসতির কোনো পণ্য তারা আর আমদানি করবেন না। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরায়েল যুক্তরাজ্যের বিরুদ্ধে চারটি পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার জানিয়েছেন তারা জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেবেন। এছাড়া দক্ষিণ ইসরায়েলের কিরায়াত গাতে অবস্থিত আন্তর্জাতিক গাজা সাপোর্ট সেন্টার থেকে ব্রিটিশ প্রতিনিধিদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফিলিস্তিন অথরিটি বাহিনীকে প্রশিক্ষণের কার্যক্রম বন্ধ করার পাশাপাশি ইহুদি বিদ্বেষে জড়িত থাকার অভিযোগে যুক্তরাজ্যের নির্বাচিত ১২ জন প্রতিনিধি ও নির্দিষ্ট কয়েকজন নাগরিকের ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে ভাষণের সময় বলেন পশ্চিমতীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জাতিগত নির্মূলের মতো গুরুতর অপরাধে লিপ্ত রয়েছে। তিনি অভিযোগ করেন ইসরায়েলি সরকার এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে।
ব্রিটিশ মন্ত্রী আরও জানান যে এই নিষেধাজ্ঞার ফলে ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ড থেকে কোনো পণ্য যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না এবং এতে কানাডা ও ফ্রান্সও অংশ নিতে পারে। পরিশেষে তিনি উল্লেখ করেন ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে ইসরায়েলি সেটেলারদের কোনো বিজ্ঞাপনও যুক্তরাজ্যে প্রদর্শন করা যাবে না।
এনএন/ ৮ সেপ্টেম্বর ২০২৬

