ফরিদগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফরিদগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ আল আনাস (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল আনাস উপজেলার ৪ নম্বর সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রামের মো. আলমগীরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে কয়েকদিন আগে নানার বাড়ি বেড়াতে আসে আনাস। সোমবার সকালে পরিবারের সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় বালিথুবা বাজারের পল্লী চিকিৎসক ডা. হারুনের কাছে নিয়ে যাওয়া হলে তিনি আনাসকে মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। ঈদের আনন্দকে বিষাদে পরিণত করা এ ঘটনায় এলাকায়ও গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। নানার বাড়িতে বেড়াতে এসে এক শিশুর এমন করুণ মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক সহমর্মিতা ও শোকের সৃষ্টি হয়েছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ১ জুন ২০২৬

Explore More Districts