হালকা চরিত্রের খোঁজে
ঢাকা ও কলকাতা মিলিয়ে গত বছরটা দারুণ কাটিয়েছেন জয়া। ‘জয়া আর শারমিন’, ‘উৎসব’, ‘তাণ্ডব’, ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’—পাঁচ সিনেমায় পাঁচ ধরনের বৈচিত্র্যময় চরিত্রে চমকে দিয়েছেন তিনি। কখনো তিনি করোনায় ঘরবন্দী অভিনেত্রী, কখনো ভূত, সাংবাদিক, কখনো মায়ের ভূমিকায়; কখনো আবার মানিক বন্দ্যোপাধ্যায়ের কুসুম। তবে ‘উৎসব’-এর ভূতের চরিত্রটি ছাড়া সবগুলোই ছিল জটিল মনস্তাত্ত্বিক চরিত্র। চলতি বছরের শুরুতে কলকাতায় মুক্তি পেয়েছিল সৌকর্য ঘোষালের ‘ওসিডি’; সেখানে তিনি চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেন। আলাপে আলাপে জয়া জানালেন, জটিল চরিত্রে বিরতি দিয়ে একটু ‘হালকা’ মেজাজের চরিত্র তিনিও করতে চান। অভিনেত্রীর ভাষ্যে, ‘আমি তো অভিনয়শিল্পী; নানা ধরনের চরিত্র করতে চাই। একটু হালকা মেজাজের চরিত্রে আমিও অভিনয় করতে চাই। এ ধরনের কিছু চরিত্র নিয়ে কথা চলছে। বাকিটা তো নির্মাতাদের ওপর।’

