চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মোহাম্মদ রবিউল (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১ জুন) চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ রবিউল ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের মোহাম্মদ পাশার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী রবিউল দ্রুত গতিতে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মহাসড়কের নয়াবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের নিচে পড়ে যান। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছিন জানান, সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী রবিউল ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর পর স্থানীয় জনতা বাসটিকে আটকে রাখে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ, সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ বাসটি জব্দ করেছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।
পুলিশ আরও জানায়, নিহত মোহাম্মদ রবিউলের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


