
ঢাকা, ০৮ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের ১০৪টি দেশে অবস্থানরত ৭ লাখ ২৮ হাজার ২৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিবন্ধিত বাকি প্রবাসী ভোটারদের কাছেও দ্রুততম সময়ের মধ্যে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হবে। তবে ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সংশ্লিষ্ট ভোটারের দায়িত্ব। কেউ গোপনীয়তা ভঙ্গ করলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার বিধান রয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, সবচেয়ে বেশি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে অবস্থানরত ২ লাখ ২৩ হাজার ৯৪৩ জন প্রবাসীর কাছে। এছাড়া মালয়েশিয়ায় ৮৩ হাজার ৮২৭ জন এবং কাতারে ৭৪ হাজার প্রবাসী ভোটারের কাছেও ব্যালট পৌঁছেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে (ইন-কান্ট্রি) নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন এবং প্রবাস থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন ভোটার।
ইসি সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশের আরও ৫০ হাজার ৭৯০ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরবে ১৭ হাজার, মালয়েশিয়ায় ১১ হাজার ৭৫০ এবং ওমানে ১০ হাজার ২০০ জন প্রবাসী ভোটার ব্যালট পেয়েছেন।
এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬



