আটলান্টিকে রাশিয়ার পতাকাবাহী তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র – DesheBideshe

আটলান্টিকে রাশিয়ার পতাকাবাহী তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র – DesheBideshe

আটলান্টিকে রাশিয়ার পতাকাবাহী তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র – DesheBideshe

মস্কো, ০৮ জানুয়ারি – উত্তর আটলান্টিক সাগরে রাশিয়ার পতাকাবাহী একটি তেল ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। কয়েকদিন ধরে চেষ্টা চালানোর পর বুধবার (৭ জানুয়ারি) ট্যাংকারটি জব্দে সফল হয় মার্কিন কর্তৃপক্ষ।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির অভিযোগ, ট্যাংকার জব্দ করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করেছে। রুশ পরিবহণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে এবং কোনো দেশ অন্য দেশের নিবন্ধিত জাহাজের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারে না।

অন্যদিকে যুক্তরাষ্ট্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ‘বেলা-১’ নামের ট্যাংকারটি জব্দ করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, ভেনেজুয়েলার নিষেধাজ্ঞাভুক্ত ও অবৈধ তেলের ওপর আরোপিত অবরোধ বিশ্বের যেকোনো প্রান্তেই কার্যকর থাকবে।

রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ট্যাংকারটি জব্দ করতে যুক্তরাষ্ট্র হেলিকপ্টার থেকে সেনা নামানোর চেষ্টা করছিল। এর কয়েক ঘণ্টা পরই জব্দের বিষয়টি নিশ্চিত হয়। এর আগে মার্কিন কোস্টগার্ড জাহাজটি থামানোর চেষ্টা করে এবং পিছু নেয়, তবে ট্যাংকারের ক্রুরা নির্দেশ অমান্য করে এগিয়ে যায়।

এই ঘটনার জেরে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভেট সরাসরি কোনো জবাব দেননি। তবে তিনি দাবি করেন, ট্যাংকারটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলা থেকে যাত্রা করেছিল এবং ইরান ও রাশিয়ায় তেল পরিবহনে জড়িত ছিল।

মার্কিন কর্তৃপক্ষ আরও জানায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজুয়েলার জলসীমা ছাড়ায় ট্যাংকারটির ক্রুদের যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে বিচার করা হবে।

এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬



Explore More Districts