কক্সবাজারের পেকুয়ায় চাঞ্চল্যকর বৃদ্ধ ইউসুফ আলী (৬৭) প্রকাশ মুন্সি মিয়া হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) রিদুয়ানের নেতৃত্বে পুলিশের একটি দল কুতুবদিয়া উপজেলার লেমশেখালী এলাকায় অভিযান চালায়। এ সময় ওসমানীনের বাড়িতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি আকাশ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ইউসুফ আলী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রধান আসামি হিসেবে এজাহারভুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারের পর তাকে পেকুয়া থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


