পারকি সৈকতে দৃষ্টিনন্দন পর্যটক ছাউনি মন কেড়েছে ভ্রমণপিপাসুদের – Chittagong News

পারকি সৈকতে দৃষ্টিনন্দন পর্যটক ছাউনি মন কেড়েছে ভ্রমণপিপাসুদের – Chittagong News

মৌসুমের শুরুতেই চট্টগ্রামের আনোয়ারা পারকি সৈকতে বাড়ছে পর্যটকদের ভিড়। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল এবং দেশের প্রধান সমুদ্রবন্দর এক নজরে দেখার জন্য পারকি সৈকত পর্যটকদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। এবার পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে সৈকত পাড়ে নির্মাণ করা হয়েছে নান্দনিক পর্যটক ছাউনি।

পারকি সৈকতের ২০০ মিটার দক্ষিণে পরুয়াপাড়া এলাকার বেড়িবাঁধের ওপর স্থানীয় তরুণ সমাজসেবক ফাহাদ বিন ছালেহ এই ছাউনি নির্মাণ করেছেন। এছাড়াও পর্যটকদের সুবিধার্থে বেড়িবাঁধের ওপর একটি নামাজের স্থানও তৈরি করা হয়েছে। সন্ধ্যা নামলেই ছাউনির আলোকসজ্জা পুরো এলাকা আলোকিত করে, যা পর্যটকদের আকর্ষণ আরও বাড়িয়ে দেয়।

পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সাল থেকে আনোয়ারা ও আশপাশের এলাকাগুলোর উপকূলে পর্যটনবান্ধব বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। পরুয়াপাড়া থেকে গহিরা বারআউলিয়া এবং পূর্বগহিরা পর্যন্ত পর্যটন এলাকাগুলোতে বেড়েছে ভ্রমণপ্রেমীদের সংখ্যা।

সেখানে পর্যটন কর্পোরেশনও ৭০ কোটি টাকা ব্যয়ে একটি কমপ্লেক্স নির্মাণ করছে। পারকি থেকে পূর্বগহিরা প্যারাবন পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। দক্ষিণ গহিরার শঙ্খ নদীর মোহনায় প্রাকৃতিক প্যারাবনসহ পুরো এলাকা এখন এক দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাইমন বলেন, “বন্ধুদের নিয়ে টানেল ও পারকি ঘুরতে এসে ছাউনিতে এসে বসি। সাগরের ঢেউ আর আলোকসজ্জার সৌন্দর্য মুগ্ধ করেছে।”

স্থানীয় ইউপি সদস্য মৌলানা মো. ইসহাক জানান, পর্যটকদের সুবিধার্থে বেড়িবাঁধে নামাজের স্থান তৈরি করা হয়েছে।

ফাহাদ বিন ছালেহ বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে সাগরের পাড়ে নান্দনিক পর্যটক স্পট রয়েছে। সেই ভাবনা থেকেই এই ছাউনি নির্মাণ করেছি। প্রতিদিন ভিড় দেখে ভালো লাগে।”

আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মো. সোহাইল সালেহ বলেন, “মীরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ সময়ের দাবি। পারকি থেকে গহিরা পর্যন্ত এলাকা ইতোমধ্যে পর্যটন নগরী হিসেবে গড়ে উঠেছে।”

দৃষ্টিনন্দন এই পর্যটক ছাউনি শুধু সৌন্দর্য বৃদ্ধি নয়, বরং বেড়িবাঁধ রক্ষায়ও ভূমিকা রাখবে বলে মত সংশ্লিষ্টদের। ফলে পারকি সৈকত এখন শুধু ভ্রমণ নয়, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগেরও একটি আদর্শ স্থান।

এমভি/সিটিজিনিউজ

Explore More Districts