
ওয়াশিংটন, ৫ সেপ্টেম্বর – অধিকৃত পশ্চিম তীরের তিনটি শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার ঘটনা মানবতাবিরোধী অপরাধ হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটির মানবাধিকার দপ্তর জানিয়েছে যে ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে ৩৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হন। অপারেশন আয়রন ওয়াল নামের ওই অভিযানের সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী শরণার্থী শিবিরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।
প্রতিবেদনে বলা হয় যে সে সময় শত শত বসতবাড়ি ধ্বংস করার পাশাপাশি পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এছাড়া সেখানে মানবিক সহায়তা পৌঁছানোর পথও অবরুদ্ধ রাখা হয়।
জেনিন নূর শামস এবং তুলকারেম শরণার্থী শিবির থেকে সাধারণ মানুষকে এভাবে দীর্ঘ সময় ধরে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। জুলাই মাস পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী ওই বাসিন্দাদের এখনও ঘরে ফিরতে দেওয়া হয়নি। ইসরায়েল অবশ্য জাতিসংঘের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এস এম/ ৫ সেপ্টেম্বর ২০২৬


