নাসীরুদ্দীন পাটওয়ারীকে হামলা করে থামানো যাবে না : হাসনাত – News Tangail | নিউজ টাঙ্গাইল

নাসীরুদ্দীন পাটওয়ারীকে হামলা করে থামানো যাবে না : হাসনাত – News Tangail | নিউজ টাঙ্গাইল

ভয়ভীতি, হামলা বা দমন-পীড়ন চালিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টের সঙ্গে হামলায় ভাঙচুর হওয়া একটি গাড়ির ছবিও প্রকাশ করেন হাসনাত।

পোস্টে হাসনাত লিখেন, কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সরকারের সময় এটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পঞ্চমবারের মতো হামলা।

তিনি আরও লিখেন, বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ। ন্যায়, অধিকার ও আজাদীর যে লড়াই শুরু হয়েছে, কোনো বাধাই তা থামাতে পারবে না। সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম অব্যাহত থাকবে।’

এর আগে রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাজার এলাকায় কিছু সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে রাত ৮টার দিকে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় নাসীরুদ্দীন পাটওয়ারী মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন। এরপর হামলার ঘটনায় এজাহার দিতে তিনি কুমারখালী থানার উদ্দেশে রওনা হন।

Explore More Districts