ন
Kazi Hafizur Rahaman
নিজস্ব প্রতিবেদক
·
১ মিনিটের পড়া
·
১০৫ বার পড়া হয়েছে
নড়াইলকণ্ঠ : প্রতিবছর ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য— ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’। এ উপলক্ষে সারাদেশের মতো নড়াইলেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিত করা এবং অপতথ্য প্রতিরোধে তথ্য অধিকারের ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা।
জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী (প্রশাসন ও অর্থ), আইসিটি কর্মকর্তা, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাভলু, সঞ্চয় অফিসার সৈয়দা ফাতেমাতুর রুবাইয়াত এবং নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাজিফা জান্নাত সৃষ্টি ও নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী অদ্রীত দাসসহ অনেকে।
বক্তারা বলেন, তথ্য যাচাই-বাছাই না করে প্রকাশ করা অন্যায় ও দায়িত্বহীনতার শামিল। এ ধরনের ভুল বা অপতথ্য প্রচারের ফলে রাষ্ট্র, সমাজ, সম্প্রদায় ও পরিবার পর্যায়ে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
তারা বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সবার জানা প্রয়োজন। আইনের বিধিবিধান অনুসরণ করে তথ্য প্রদানের ক্ষেত্রে কোনো বাধা নেই। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং অনলাইন প্ল্যাটফর্মে আইন অনুযায়ী যেসব তথ্য প্রকাশযোগ্য, সেগুলো উন্মুক্ত রাখার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনায় শিক্ষার্থীরা বলেন, তথ্য অধিকার আইনের আওতায় অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা গেলে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও বলেন, ডিজিটাল যুগে তথ্যের দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে তথ্য যাচাইয়ের গুরুত্বও বেড়েছে। সঠিক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য প্রতিরোধে গণসচেতনতা বাড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


