দেশে হামে প্রাণহানি বেড়ে ৬৫২, গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু – DesheBideshe

দেশে হামে প্রাণহানি বেড়ে ৬৫২, গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু – DesheBideshe



দেশে হামে প্রাণহানি বেড়ে ৬৫২, গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু – DesheBideshe

ঢাকা, ১৪ জুন – দেশে হাম সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫২ জনে।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে নিশ্চিত কোনো মৃত্যুর খবর না পাওয়া গেলেও সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জন এবং সন্দেহভাজন হামে ৫৬০ জন প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২ জনে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হাম আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৫২ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১০ হাজার ৩২৩ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন। সন্দেহভাজন রোগীর সংখ্যা ৮৫ হাজার ৯৫১ জন।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫৭৯ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ৮৪১ জন।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, নিশ্চিত হামে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৫৬ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এছাড়া বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেটে ৩ জন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে ২ জন করে প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে সন্দেহজনক হামেও ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে ৮৭ জন, সিলেটে ৬৭ জন, ময়মনসিংহে ৫২ জন, চট্টগ্রামে ৪৭ জন, বরিশালে ৩৮ জন, খুলনায় ২৫ জন এবং রংপুরে ৮ জন মারা গেছেন।

এনএন/ ১৪ জুন ২০২৬



Explore More Districts