| ৬ August ২০২৬ Thursday ৯:১৩:০১ PM | |
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনা থেকে ঢাকা সড়কপথে চলাচলকারী কথিত “দশমিনা এক্সপ্রেস” বাস সিন্ডিকেটের অবসান, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. কালাম পঞ্চায়েত, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক লিয়ার হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী সালাউদ্দিন ও ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. যুবায়ের ইসলাম, দশমিনা উপজেলা এনসিপির প্রতিনিধি মো. তৌহিদ সিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সায়েম, জামায়াতে ইসলামীর প্রচার ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সাঈদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল আমিন প্যাদা এবং শাকুরা ও বিএটিএ পরিবহনের কাউন্টারম্যান মো. সোহেল জোমাদ্দারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। প্রায় প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে। তারা অভিযোগ করেন, বাস সিন্ডিকেট, অনিয়ম এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচলের কারণে যাত্রীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।
তারা অবিলম্বে বিতর্কিত বাস সিন্ডিকেটের কার্যক্রম বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


