
ঢাকা, ৪ জুন – রাজধানী ঢাকাসহ দেশের ৩৮টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কিছু কিছু এলাকা থেকে এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙ্গামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ কিছু এলাকা থেকে দূর হতে পারে।
দেশের উত্তর পূর্বাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করতে পারে।
শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী শনিবার থেকে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে আগামী পাঁচ দিন পর সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
এনএন/ ৪ জুন ২০২৬




