‘ডিসেম্বরে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে’—আ.লীগ নেতাদের বার্তা পাঠান গ্রেপ্তার পুলিশ সুপার

‘ডিসেম্বরে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে’—আ.লীগ নেতাদের বার্তা পাঠান গ্রেপ্তার পুলিশ সুপার

জানতে চাইলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী আজ প্রথম আলোকে বলেন, ‘মুঠোফোনে তাঁর পাঠানো দুটি বড় বার্তা আমরা পেয়েছি, যা এজাহারেও উল্লেখ করা হয়েছে। একটি হলো, ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে এবং অন্যটি হলো, ডিসেম্বরে জান বাজি রেখে সবাই মাঠে নামবে।’

আবদুল কুদ্দুছ চৌধুরী আরও বলেন, এসপি জাহাংগীরের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। এখন প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে। তাঁকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন।

পুলিশের অন্য কোনো কর্মকর্তা এ ঘটনায় জড়িত আছেন কি না, এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, ‘বিষয়টি বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে। নিয়মিত মামলার তদন্ত ও বিভাগীয় তদন্ত—এই দুই প্রক্রিয়াতেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে যতটুকু সত্যতা পাওয়া গেছে, তার ভিত্তিতেই এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

কীভাবে এসব বার্তার তথ্য উদ্‌ঘাটিত হলো, জানতে চাইলে ডিআইজি জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর এসপি জাহাংগীর আলমের মুঠোফোন জব্দ করা হয়। এরপর তদন্ত কমিটি গঠন করে তাঁর মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা মেলার পরই অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা করার প্রক্রিয়া শুরু হয়।

Explore More Districts