সৌজন্যের এই আবহের পাশাপাশি ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে উদ্বেগও রয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওয়াশিংটন প্রথমে আভাস দিয়েছিল, তিন নেতার আলোচনায় ইউক্রেন থাকবে না। পরে ট্রাম্প বলেন, বিষয়টি আলোচনায় থাকবে।
ট্রাম্পের মন্তব্যের পর কিয়েভ ও ইউরোপকে পাশ কাটিয়ে ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। তিন পরাশক্তি দেশের নেতাদের এ বৈঠকের সঙ্গে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের তুলনাও উঠেছে। ক্রেমলিন অবশ্য সেই তুলনাকে ‘রাষ্ট্রবিজ্ঞানীদের খেলা’ বলেছে। বেইজিংয়ের বক্তব্য, এ বৈঠক বিশ্বশান্তি এগিয়ে নিতে সহায়তা করবে।
ট্রাম্প আগে থেকে পুতিনের সঙ্গে আলাদা আলোচনার আগ্রহের কথা জানিয়েছিলেন। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল বলেছেন, এই বহুপক্ষীয় আয়োজনের মধ্যে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় আলোচনার সময় বা সুযোগ হওয়ার সম্ভাবনা কম।

