কর্ণফুলীতে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ৭ নেতা-কর্মীকে চমেকে ভর্তি – দৈনিক আজাদী

কর্ণফুলীতে বিএনপির মিছিলে বাসের ধাক্কা, আহত ৭ নেতা-কর্মীকে চমেকে ভর্তি – দৈনিক আজাদী

চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রতিবাদ মিছিলে একটি বাসের ধাক্কায় ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে সাতজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বাসটি ভাঙচুর করে। পরে পুলিশ বাসটি জব্দ করে এবং চালককে আটক করে।

আজ বুধবার সন্ধ্যায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি বের করা হয়েছিল। মিছিল চলাকালে একটি বাস নেতা-কর্মীদের ধাক্কা দেয়।

বাসটির নিবন্ধন নম্বর চট্টমেট্রো-ছ ১১-২১৪৮। ঘটনার পরপরই পুলিশ বাসটি জব্দ করে এবং চালককে আটক করে।

চমেক হাসপাতালে আহত বিএনপি নেত-কর্মী। ছবি : আজাদী

ঘটনার সত্যতা স্বীকার করে কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া বলেন, দলীয় প্রতিবাদ মিছিল চলাকালে একটি বাস সজোরে নেতা-কর্মীদের ধাক্কা দেয়। এতে ৭জন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাটি দুর্ঘটনা, নাকি উদ্দেশ্যপ্রণোদিত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Explore More Districts