টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে – News Tangail | নিউজ টাঙ্গাইল

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে শহীদুল ইসলাম মন্ডল (৬২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ফুফাতো ভাইয়ের ছেলে ইউসুফ আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম ওই গ্রামের কাশেম আলী মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শহীদুল ইসলামের সঙ্গে তার ফুফাতো ভাই মৃত আমজাদ আলীর ছেলে ইউসুফ আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় শহীদুল নামাজ পড়তে যাওয়ার সময় ইউসুফ ও তার সহযোগীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে তারা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শহীদুলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, জমির ওয়ারিশ নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Explore More Districts