যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর এলাকায় যুবক মিম হত্যা ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন কীর্তিপুর কমিশনপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে আমিনুর ইসলাম, গোলাম হোসেনের ছেলে ওহিদুল ইসলাম, আব্দুল আলিমের ছেলে রাকিবুল ইসলাম শান্ত, মল্লিকপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে বুলু হোসেন এবং আমজেদ হোসেনের ছেলে জুয়েল হোসেন।
শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ মে) ভোরে কীর্তিপুর মোড় এলাকায় নিজ বাড়ির পাশে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন একটি বাঁশবাগান থেকে মিম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মিম ওই এলাকার মশিয়ার রহমান ওরফে মশির ছেলে।
পুলিশ জানায়, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে বা আঘাত করে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি মিম। পরদিন সকালে বাড়ির অদূরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাংবাদিকদের জানান, আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং দ্রুত প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।


