জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব-এর “Intelligent Eco-Safety System” প্রকল্প ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬-এর বিশেষ বিভাগে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। এই অর্জনের মাধ্যমে ক্লাবটি আবারও প্রমাণ করেছে যে, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর গবেষণা স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

এই প্রকল্পটি মূলত পরিবেশবান্ধব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৈরি করা হয়েছে। এতে সেন্সর, অ্যালার্ম, গ্যাস লিকেজ শনাক্তকরণ, ধোঁয়া ও আগুন শনাক্তকরণ, বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় সতর্কবার্তা ব্যবস্থাকে একত্রিত করা হয়েছে। বাড়ি, অফিস, কারখানা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশবান্ধব উপায়ে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পটি তৈরি করা হয়েছে।

প্রকল্প উপস্থাপন করেন ক্লাবের সদস্য শারিকা তাজ নূর, মৌমিতা সাদিয়া, মো. রফিকুল ইসলাম, শাহরিয়ার হাওলাদার এবং মো. তাওহীদুল ইসলাম। তাদের দক্ষ উপস্থাপনা, প্রযুক্তিগত ব্যাখ্যা এবং পরিবেশ ও নিরাপত্তা বিষয়ে বাস্তবসম্মত সমাধান বিচারকদের মুগ্ধ করে।

ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান বলেন, “আমাদের তরুণরা এখন শুধু বইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ নেই, তারা বাস্তব সমস্যার সমাধানে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী কাজ করছে। এই অর্জন চাঁদপুরের জন্য অত্যন্ত গৌরবের। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে এই প্রকল্প জাতীয় পর্যায়েও সাফল্য বয়ে আনবে।”

ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এইচএম জাকির বলেন, “চাঁদপুরের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তা তৈরির লক্ষ্যেই আমরা কাজ করছি। ‘Intelligent Eco-Safety System’ প্রকল্পটি শুধু একটি বিজ্ঞান মেলার প্রকল্প নয়, এটি বাস্তব জীবনের নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে। আমরা চাই, এই ধরনের প্রকল্প ভবিষ্যতে আরও উন্নতভাবে বাস্তবায়িত হোক।”

ক্লাবের সদস্য, অভিভাবক এবং বিজ্ঞানপ্রেমীদের মধ্যে এ অর্জন নিয়ে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব ভবিষ্যতেও বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করবে এবং জাতীয় পর্যায়ে চাঁদপুরকে আরও উজ্জ্বলভাবে উপস্থাপন করবে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/

২১ এপ্রিল ২০২৬

Explore More Districts