জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা – Habiganj News

জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা – Habiganj News

হবিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি পহেলা আগষ্ট শনিবার শহরের স্কাই কিং রেস্টুরেন্টে হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান।

তিনি বলেন, গণমাধ্যম একটি জাতির বিবেক। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজে জবাবদিহিতা, সুশাসন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আশা প্রকাশ করেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সাংবাদিক সমাজ সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

 

তিনি আরও বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গঠনে গণমাধ্যমের স্বাধীন, নিরপেক্ষ ও গঠনমূলক ভূমিকা অপরিহার্য। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন জাতির সঠিক পথচলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ হারুন, হবিগঞ্জ পৌর জামায়াতের আমীর ও সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুল ইসলাম সোহাগ, পৌর জামায়াতের সেক্রেটারি আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা তারেকুল ইসলাম, অ্যাডভোকেট আজিজুর রহমান রুবেল, হবিগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. লায়েক আহমদ এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা মুক্ত আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত দায়িত্ব, সামাজিক সম্প্রীতি এবং জাতীয় স্বার্থ রক্ষায় গণমাধ্যমের করণীয় বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। জেলা জামায়াতের নেতৃবৃন্দও সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন এবং পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

সভায় হবিগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Explore More Districts