জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

৫ August ২০২৬ Wednesday ১১:৪৮:২৯ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম

‘জুলাই সনদ’ নিয়ে কোনো ধরনের প্রতারণা বা চক্রান্তের চেষ্টা করা হলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেছেন, ‘এই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের ছলচাতুরী আমরা বরদাশত করব না।’ 

আজ বুধবার বিকেলে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশাল নগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দলের বরিশাল মহানগর শাখা এ কর্মসূচি আয়োজন করে।

জুলাই সনদ নিয়ে কোনো ছিনিমিনি খেলা সহ্য করা হবে না জানিয়ে ফয়জুল করীম বলেন, ‘আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ কায়েমের জন্য সংগ্রাম করেছিলাম। দেশের ছাত্র-জনতা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল একটি আকাঙ্ক্ষা নিয়ে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছিল। সেই সনদ বাস্তবায়ন না করা হলে হাজারো শহীদের আত্মত্যাগ বৃথা হয়ে যাবে। আমরা সেটা হতে দিতে পারি না।’

বক্তব্যে বিভিন্ন শিক্ষাঙ্গনের অস্থিরতার প্রসঙ্গ তুলে ধরেন ফয়জুল করীম। শিক্ষাঙ্গনে সহিংসতা অবিলম্বে বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আধিপত্য বিস্তারের নামে হানাহানি চলছে। সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতার মধ্যে আছে। শিক্ষার সুষ্ঠু, স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ক্যাম্পাসগুলো আবার পুরোনো চেহারায় ফিরে এসেছে। আমরা এ জন্য গণ–অভ্যুত্থানে রক্ত দিইনি, জীবন দিইনি।’

এর আগে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি গণমিছিল টাউন হল চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বরিশাল মহানগর শাখার সভাপতি  মুহাম্মাদ লোকমান হাকিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশরাফির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর শাখার সহসভাপতি মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান, মুহাম্মাদ জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মাওলানা আবদুল আজিজ, সহসম্পাদক মাওলানা নাসির উদ্দীন প্রমুখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts