জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান – দৈনিক আজাদী

জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান – দৈনিক আজাদী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট চট্টগ্রামের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট চট্টগ্রামের আহ্বায়ক দিলশাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম মহাসচিব, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন তার নিজস্ব তহবিল থেকে আটটি শহীদ পরিবারের সদস্যকে এক লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা সহায়তা দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। চসিক মেয়র তার বক্তব্যে বলেন, ২০২৪ সালের জুলাইআগস্টের গণঅভ্যুত্থানে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। যারা দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও একটি সুন্দর ভবিষ্যতের জন্য জীবন দিয়েছেন, তাদের অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়। তিনি বলেন, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা তুলে ধরতে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও জোরদার করতে হবে। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, সাংস্কৃতিক ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠছে, যেকোনো মূল্যে তাদেরকে প্রতিহত করতে হবে

অনুষ্ঠানে সমাজসেবক খন্দকার বেলায়েত হোসেন, প্রিন্সিপাল মো. শাহ আলমগীর, বিএনপি নেতা গাজী মো. সিরাজ উল্লাহ, ডা. মোহাম্মদ ঈসা চৌধুরী, ডা. জুবায়ের আল মাহমুদ, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, তৌহিদুল ইসলাম রানা, ফৌজিয়া শারমিন সম্পা, ডা. হারুনসহ অনেকে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

Explore More Districts