দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পৌঁছেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের উপস্থিতিতে এবারের ঈদের কেন্দ্রীয় জামাত পেয়েছে রাষ্ট্রীয় গুরুত্ব ও বিশেষ তাৎপর্য।
সকাল থেকেই জাতীয় ঈদগাহমুখী ছিল মানুষের ঢল। ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিশ্বব্যাপী নিপীড়িত মুসলমানদের জন্যও করা হয় দোয়া।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং কূটনৈতিক কোরের প্রায় ৩৩০ জন বিশিষ্ট ব্যক্তির জন্য ঈদগাহে রাখা হয় বিশেষ বসার ব্যবস্থা। মূল প্যান্ডেলে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের সুযোগ থাকলেও আশপাশের সড়ক ও উন্মুক্ত স্থান মিলিয়ে প্রায় এক লাখ মানুষের অংশগ্রহণে জামাত পরিণত হয় এক বিশাল ধর্মীয় সমাবেশে।
নারী মুসল্লিদের জন্য রাখা হয় পৃথক ও পর্দাসংবলিত নামাজের ব্যবস্থা। পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক প্রস্তুত ছিল বিশেষায়িত মেডিকেল টিম।
নিরাপত্তা ব্যবস্থায়ও ছিল নজিরবিহীন কড়াকড়ি। পুরো ঈদগাহ এলাকা সিসিটিভির আওতায় এনে উঁচু ওয়াচ টাওয়ার থেকে চালানো হয় নিবিড় নজরদারি। মুসল্লিদের একাধিক নিরাপত্তা বলয় অতিক্রম করে ময়দানে প্রবেশ করতে হয়েছে।
ঈদের এই বৃহৎ আয়োজনকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আয়োজক কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করেছে। সব মিলিয়ে উৎসবমুখর, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যময় পরিবেশে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে এবারের ঈদের প্রধান জামাত।



