জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি – DesheBideshe

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি – DesheBideshe

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি – DesheBideshe

আম্মান, ২ এপ্রিল – মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। আজ ইরানের সম্প্রচার কেন্দ্রের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে এই দাবি জানানো হয়। প্রকাশিত ওই ভিডিওতে একটি পার্বত্য অঞ্চলে অবস্থিত সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রের আঘাত হানতে দেখা যায়। তেহরানের দাবি, ওই লক্ষ্যবস্তুটি জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি।

তবে ভিডিওটির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে আমেরিকা ও ইসরায়েলি বাহিনীর যৌথ অভিযান অপারেশন এপিক ফিউরি শুরু হয়। এরপর থেকেই এই অঞ্চলে পাল্টাপাল্টি হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। ওই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতার মৃত্যুর পর থেকে তেহরান নিয়মিতভাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন স্থাপনায় হামলা চালিয়ে আসছে।

মূলত জর্ডানের আকাশপথ ইসরায়েলি যুদ্ধবিমানের জন্য ইরানে প্রবেশের প্রধান পথ হওয়ায় কৌশলগত দিক থেকে এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক সপ্তাহে ইরান সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিসহ বাহরাইন, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে থাকা অন্তত সাতটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর আগে গত ২৭ মার্চের হামলায় একটি মার্কিন নজরদারি বিমান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তারও আগে বেশ কিছু জ্বালানি সরবরাহকারী বিমান ইরানের হামলার শিকারে পরিণত হয়।

এস এম/ ২ এপ্রিল ২০২৬



Explore More Districts