যশোর শহরের কারবালা কবরস্থানে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধের মরদেহ দাফনে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বজনদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে সিতারামপুর গ্রামের বাসিন্দা মরহুম আবুল কালাম আজাদের দাফনকালে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ দাফনের সময় আবুল কালাম আজাদের ভাগনী মাসুমার স্বজনেরা এসে দাফনে বাধা দেন। তাঁদের অভিযোগ, পারিবারিক সম্পত্তির অংশ থেকে মাসুমাকে বঞ্চিত করা হয়েছে। তবে অন্য স্বজনেরা অভিযোগটি অস্বীকার করে জানান, বিরোধপূর্ণ জমিটি মৃত ব্যক্তি নিজে নিলামে কিনেছিলেন এবং তাঁদের পৈতৃক সম্পত্তি আগেই ভাইবোনদের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়েছে।
এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়লে কবরস্থানে উৎসুক জনতার ভিড় জমে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বাধা প্রদানকারী পক্ষ কেটে পড়ে এবং দাফন সম্পন্ন হয়। মৃত ব্যক্তির দাফন আটকে এমন হট্টগোলের ঘটনায় অসন্তোষ প্রকাশ করে স্থানীয়রা বলেন, জমি সংক্রান্ত বিরোধ আইন বা আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য, কিন্তু মরদেহ নিয়ে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক।


