জনবহুল ও ব্যস্ত এলাকায় দিনের বেলায় হকার বসতে পারবেন না

জনবহুল ও ব্যস্ত এলাকায় দিনের বেলায় হকার বসতে পারবেন না

রাজধানী ঢাকায় ফুটপাত ও সড়ক দখল, যানজট, পথচারীদের চলাচলে বাধা এবং হকারদের অনিয়ন্ত্রিত কার্যক্রম নিয়ে দীর্ঘদিনের সমালোচনার পর এবার ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এই নীতিমালায় প্রথমবারের মতো হকারদের নিবন্ধন, নির্ধারিত স্থানে ব্যবসা, হলিডে ও নৈশকালীন মার্কেট, লাইসেন্স ফি এবং প্রশাসনিক তদারকির বিস্তারিত কাঠামো নির্ধারণ করা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, ঢাকার জনবহুল ও ব্যস্ত এলাকায় দিনের বেলায় হকার বসতে পারবেন না। যেসব এলাকায় অফিস শেষ হওয়ার পর জনচলাচলের চাপ কমে যায়, সেসব এলাকায় সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত নৈশকালীন মার্কেট চালু করা যাবে।

এই নীতিমালা করার মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে—পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা, হকারদের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা এবং হকারদের জন্য নির্দিষ্ট এলাকা চিহ্নিত করা।

নীতিমালার ভূমিকায় সরকার বলেছে, ঢাকায় দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত হকার কার্যক্রমের কারণে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে, যানজট বাড়ছে এবং নগর ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। একই সঙ্গে বিপুলসংখ্যক নিম্ন আয়ের মানুষের জীবিকা এই খাতের সঙ্গে যুক্ত থাকায় পুরো বিষয়টিকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনার প্রয়োজনীয়তা দেখা দেয়।

Explore More Districts