
ফ্লোরিডা, ২ জুন – জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য। চ্যাটবটের নিরাপত্তা ত্রুটি এবং ত্রুটিপূর্ণ নকশার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো অঙ্গরাজ্য হিসেবে ফ্লোরিডা এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।
ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ার এই মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে যে, ওপেনএআই এবং এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান কেবল মুনাফার পেছনে ছুটছেন। তাদের উদ্ভাবিত প্রযুক্তি শিশুদের বিপদে ফেলছে এবং প্রযুক্তিতে আসক্ত করছে। এমনকি এই প্রযুক্তি নির্বিচারে গুলি চালানো ব্যক্তিদের সহায়তা দিচ্ছে এবং ব্যবহারকারীদের আত্মহত্যার প্ররোচনা দিচ্ছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
ফ্লোরিডার এই দেওয়ানি মামলায় স্যাম অল্টম্যানকে তার বেপরোয়া ও ইচ্ছাকৃত আচরণের জন্য ব্যক্তিগতভাবে দায়ী করার দাবি জানানো হয়েছে।
অভিযোগে বলা হয়, অল্টম্যানের প্রতিষ্ঠানের কার্যক্রমের ফলে সাধারণ মানুষের জীবন যেভাবে ঝুঁকির মুখে পড়েছে, তার প্রতি তিনি চরম উদাসীনতা দেখিয়েছেন। ওপেনএআইয়ের বিরুদ্ধে প্রতারণামূলক বাণিজ্য, অবহেলা এবং জনউপদ্রব সৃষ্টির মতো একাধিক অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় দুইজন নিহত হন। ওই হত্যাকাণ্ডে চ্যাটজিপিটির কোনো ভূমিকা ছিল কি না, তা নিয়ে বর্তমানে তদন্ত চলছে।
এছাড়া ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের প্রসঙ্গও মামলায় উল্লেখ করা হয়েছে। প্রসিকিউটরদের দাবি, ওই ঘটনার সন্দেহভাজন ব্যক্তি মানবদেহ গুম করার উপায় সম্পর্কে চ্যাটজিপিটিকে প্রশ্ন করেছিলেন।
অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ার বলেন, স্যাম অল্টম্যান এবং চ্যাটজিপিটি শিশুদের নিরাপত্তার চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতাকে বেশি গুরুত্ব দিয়েছে। তারা জননিরাপত্তার চেয়ে মুনাফাকে বড় করে দেখেছে, যা ফ্লোরিডা কোনোভাবেই মেনে নেবে না।
এদিকে ওপেনএআই এক বিবৃতিতে জানিয়েছে, অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষার জন্য তারা শুরু থেকেই কাজ করছে এবং তাদের প্রযুক্তিতে উন্নত নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে। প্রতিষ্ঠানের একজন মুখপাত্র বলেন, নাবালকদের সুরক্ষার জন্য পণ্যের ভেতরেই বয়স শনাক্তকরণ টুল এবং অভিভাবকদের জন্য বিশেষ মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে।
বর্তমানে বিশ্বজুড়ে ওপেনএআই বেশ কয়েকটি মামলার মুখোমুখি হচ্ছে। এর আগে কানাডার টাম্বলার রিজে ঘটে যাওয়া এক বন্দুক হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছিল।
শুধু ওপেনএআই নয়, মেটা, টিকটক এবং ইউটিউবের মতো অন্যান্য প্রযুক্তি জায়ান্টরাও একই ধরনের আইনি লড়াইয়ের মুখোমুখি হচ্ছে।
এনএন/ ২ জুন ২০২৬





