ঘুম থেকে উঠেই স্মার্টফোন ব্যবহার: মস্তিষ্কের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? – DesheBideshe

ঘুম থেকে উঠেই স্মার্টফোন ব্যবহার: মস্তিষ্কের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? – DesheBideshe



ঘুম থেকে উঠেই স্মার্টফোন ব্যবহার: মস্তিষ্কের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? – DesheBideshe

ঘুম থেকে ওঠার পরপরই স্মার্টফোন স্ক্রল করার অভ্যাস বর্তমান সময়ে অনেকের মধ্যেই এক সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চোখ খুলেই সামাজিক যোগাযোগমাধ্যম বা ভিডিওর দুনিয়ায় ডুবে যাওয়ার এই প্রবণতা মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতায় বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, এই অভ্যাস দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ঘুমের সময় মানুষের মস্তিষ্ক পুনরুদ্ধারের একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। হাইপোথ্যালামাস ও ব্রেনস্টেম শরীরের জৈবিক ঘড়ি নিয়ন্ত্রণ করে এই প্রক্রিয়া সচল রাখে।

ঘুম থেকে জাগার ঠিক পরের সময়টিতে মস্তিষ্ক অত্যন্ত সংবেদনশীল থাকে। এই মুহূর্তে মোবাইলের উজ্জ্বল নীল আলো স্নায়ুগুলোতে বাড়তি উত্তেজনা তৈরি করে। ফলে মস্তিষ্ক স্বাভাবিক ছন্দে জেগে ওঠার সুযোগ না পেয়ে হঠাৎ মানসিক চাপের মুখে পড়ে যায় যা স্নায়বিক ভারসাম্য ব্যাহত করে।

গবেষণায় দেখা গেছে, ঘুম থেকে উঠে দ্রুত ডিজিটাল তথ্য দেখার ফলে ডোপামিন নামক হরমোনের নিঃসরণ হঠাৎ বেড়ে যায়। এতে সাময়িক উত্তেজনা কাজ করলেও দীর্ঘমেয়াদে মানসিক অস্থিরতা ও অযথা দুশ্চিন্তা বাড়তে থাকে।

এছাড়া প্রি ফ্রন্টাল কর্টেক্সের কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে মানুষের সিদ্ধান্ত গ্রহণ ও মনোযোগ দেওয়ার ক্ষমতা হ্রাস পায়। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ব্রেন ফগ হিসেবেও অভিহিত করা হয়।

একসঙ্গে অনেক তথ্য স্ক্রল করার ফলে মস্তিষ্কের স্মৃতি তৈরির মূল কেন্দ্র হিপোক্যাম্পাস কোনো একটি নির্দিষ্ট বিষয়ে মনোযোগ ধরে রাখতে পারে না। এতে স্মৃতিশক্তি দুর্বল হওয়ার আশঙ্কা থাকে।

শুধু মানসিক নয়, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকিও বৃদ্ধি পায়।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ঘুম থেকে ওঠার পর অন্তত আধা ঘণ্টা মোবাইল থেকে দূরে থাকতে হবে। সকালে হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যাস মস্তিষ্ককে পুনরায় স্বাভাবিক ছন্দে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছোট পরিবর্তনগুলো মানসিক চাপ কমাতে এবং মস্তিষ্কের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।

এনএন/ ২৮ এপ্রিল ২০২৬



Explore More Districts