গ্যাস সরবরাহ আজ সোমবার থেকে কিছুটা বাড়তে পারে। এদিকে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হওয়া আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট গতকাল চালু হয়েছে। তারপরও বিদ্যুতের লোডশেডিং সহনীয় হতে সময় লাগবে। কারণ, দেশের তিনটি বড় কয়লাবিদ্যুৎকেন্দ্রে সক্ষমতার অর্ধেক উৎপাদন হচ্ছে।
দেশে দেড় মাসের বেশি সময় ধরে গ্যাসের সংকট চলছে। এতে করে বিদ্যুৎ উৎপাদন কমায় লোডশেডিং বেড়েছে। গ্যাসের অভাবে শিল্পকারখানা পুরো সক্ষমতায় চালানো যাচ্ছে না। রান্না ও পরিবহনে বেড়েছে ভোগান্তি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রথম আলোকে বলেন, পরিকল্পনা অনুসারে গ্যাস সরবরাহ বাড়ানো হচ্ছে। শিল্পসহ সব খাতের গ্রাহকের গ্যাস বাড়বে। কয়েকটি কয়লাচালিত কেন্দ্রে কারিগরি ত্রুটি না হলে বিদ্যুৎ পরিস্থিতির আরও উন্নতি হতো। তবে যত দিন যাবে, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পরিস্থিতির তত উন্নতি হতে থাকবে।
