গৌরনদীতে নারীকে অর্ধনগ্ন করে ভিডিও ধারণের অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে

৮ August ২০২৬ Saturday ১০:০০:১৬ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে এক যুবদল কর্মী কর্তৃক নারীকে জোরপূর্বক অর্ধনগ্ন করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সেই যুবদল কর্মীকে নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিল্বগ্রাম এলাকার। ভিডিও ধারণকারী শাহিন মৃধা মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত একমাস পূর্বে যুবদল কর্মী শাহীন ও তার সহযোগীরা বিল্বগ্রাম এলাকার একটি বসতঘরের মধ্যে ওই নারীকে এক ছেলের সঙ্গে আটক করেন।

পরবর্তীতে ওই নারীকে যৌন হেনস্থার পাশাপাশি জোরপূর্বক ভিডিও ধারণ করা হয়। সেই ঘটনাই কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

ভিডিওতে দেখা গেছে, ওই নারী নিজের ওড়না দিয়ে লজ্জা নিবারণের জন্য শরীর এবং মুখ ঢেকে রাখার চেষ্টা করছেন। এ সময় যুবদল কর্মী শাহিন শরীরের ওপর থেকে ওড়না সরিয়ে অর্ধনগ্ন করে এবং জোরপূর্বক ভিডিও ধারণ করছেন। ভিডিওতে ওই নারীকে যৌন হেনস্থা করার দৃশ্যও দেখা গেছে।

অপরদিকে শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনার ৫৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পরপরই এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন অভিযুক্ত যুবদল কর্মী শাহিন মৃধা।

এ বিষয়ে শাহিনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।

উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন আকন বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য ঘটনাস্থল পরিদর্শন করা হবে। পাশাপাশি কোন প্রেক্ষাপটে ভিডিও ধারণ করেছে- তা জেনে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts