গৌরনদীতে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

গৌরনদীতে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

৪ June ২০২৬ Thursday ৭:৩৪:৪৪ PM

Print this E-mail this


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

গৌরনদীতে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরের দুই জন ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি এবং মারধরের অভিযোগে স্থানীয় বাসিন্দা রেজাউল শিকদারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে টরকী বন্দর বণিক সমিতির আয়োজনে প্রতিবাদ কর্মসূচিতে বন্দরের ব্যবসায়ী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

অভিযোগে জানা গেছে, টরকী বন্দরের টিন ব্যবসায়ী শিশির রাহা ও নুরুল ইসলামের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২ জুন দিবাগত রাত আটটার দিকে স্থানীয় বাসিন্দা ও একাধিক হত্যা মামলার আসামি রেজাউল শিকদারের নেতৃত্বে তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীদের ওপর হামলা চালায়।এতে দুই ব্যবসায়ী আহত হন।

টরকী বন্দর বণিক সমিতির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।মিছিলটি বন্দর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাক স্ট্যান্ড এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

কর্মসূচিতে টরকী বন্দরের ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান। বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি, কোষাধ্যক্ষ মো. অলিউল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে শরীফ শাহাবুব হাসান বলেন, টরকী বন্দর একটি ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র। এখানে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে টরকী বন্দরের ব্যবসায়ীরা অর্ধদিবস দোকানপাট বন্ধ রেখে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার জন্য একটি মহল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।

তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং টরকী বন্দরে নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার দাবি করেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রেজাউল শিকদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর ব্যবসায়ীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts