গানে-সাজে প্রথম আলো কার্যালয়ে বৈশাখ উদ্‌যাপন

গানে-সাজে প্রথম আলো কার্যালয়ে বৈশাখ উদ্‌যাপন

কাগজ দিয়ে নানা নকশায় সাজানো কক্ষ। রঙিন পোশাকে কর্মীদের শুভেচ্ছা বিনিময়। কর্মীরাই পরিবেশন করলেন একের পর এক জনপ্রিয় গান। এমন গানে–সাজে, আনন্দ আয়োজনে আজ বুধবার বিকেলে প্রথম আলো কার্যালয়ে বৈশাখ উদ্‌যাপনে মেতেছিলেন কর্মীরা। প্রথম আলোর মানবসম্পদ বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কর্মীদের পরিবারের সদস্যরাও।

গানের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথম আলোর কর্মীরা নিজেরা বাদ্য বাজিয়ে পরিবেশন করেছেন ‘আইলো আইলো রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইল রে’, ‘বকুল ফুল বকুল ফুল’, ‘বৈশাখের বিকেল বেলায় প্রেমের একটা গান শোনাবো’, ‘গেরামের নওজোয়ান’–এর মতো জনপ্রিয় সব গান। করতালির মধ্য দিয়ে সেসব গানে সুর মিলিয়েছিলেন সবাই।

অনুষ্ঠানে সবচেয়ে সুন্দর সাজসজ্জার জন্য ছিল ‘সুবেশ ও সুবেশী’ পুরস্কার। সেরা সুবেশের পুরস্কার জিতে নেন প্রথম আলোর বিজ্ঞাপন ও ব্যবসা উন্নয়ন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নর্মদা দাশ মিথুন। পুরস্কার হিসেবে তাঁকে দেওয়া হয় লুঙ্গি ও গামছা। আর সেরা সুবেশীর পুরস্কার জিতে নেন প্রথমা ডট কমের প্রদায়ক মেঘা খেতান। তাঁর পুরস্কার ছিল শাড়ি।

Explore More Districts