সরবরাহ বাড়ার কারণে ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে চিনির দাম কমছে। গত দুই সপ্তাহের ব্যবধানে পাইকারিতে প্রতি মণে (৩৭.৩২ কেজি) চিনির দাম কমেছে ১০০ টাকা পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে চিনির বাজারে সরবরাহ ঘাটতি নেই। ফলে চিনির বাজার নিম্নমুখী। আন্তর্জাতিক বাজারেও চিনির বুকিং দর কমছে। এদিকে পাইকারিতে চিনির দরপতন হলেও খুচরা বাজারে এর প্রভাব নেই। এখনো খুচরা বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১১০ টাকায়। অর্থাৎ বর্তমান পাইকারি দরের চেয়ে ১০ টাকা বেশি।
খাতুনগঞ্জের পাইকারি বাজারে গতকাল খোঁজ নিয়ে জানা গেছে, দুই সপ্তাহ আগে খাতুনগঞ্জের পাইকারি বাজারে মণপ্রতি চিনি বিক্রি হয়েছে ৩ হাজার ৮৫০ টাকায়। বর্তমানে সেই চিনি বিক্রি হচ্ছে ৩ হাজার ৭৫০ টাকায়।
খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা জানান, খাতুনগঞ্জের বাজারে পণ্য বেচাকেনা ও লেনদেনে যুগ যুগ ধরে কিছু প্রথা চালু আছে। নিজেদের সুবিধার অনেক প্রথা আছে যেগুলো আইনগতভাবে স্বীকৃত নয়। এর মধ্যে অন্যতম হচ্ছে ডেলিভারি অর্ডার (ডিও) স্লিপ। চিনি কিংবা অন্য কোনো পণ্য কেনাবেচায় ডিও বেচাকেনার মাধ্যমে বিভিন্ন আগাম লেনদেন হচ্ছে। দেখা যায়, পণ্য হাতে না পেলেও ওই স্লিপটিই বেচাকেনা হচ্ছে। কোনো কোম্পানি বাজারে আসার আগে নির্দিষ্ট পরিমাণ পণ্যের ডিও বিক্রি করে। যে দরে ডিও বিক্রি হয়, তার বাজারদর যদি বেড়ে যায়, তখন পণ্য ডেলিভারি দিতে তারা গড়িমসি করে। আবার দেখা যায়, কোম্পানির পণ্যের তুলনায় ডিও বিক্রি হয় বেশি। এর ফলে কোম্পানি বাজারে পণ্য ডেলিভারি দিতে পারে না। ফলে এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকে না।
চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন আজাদীকে বলেন, সরবরাহ বাড়ার কারণে বর্তমানে চিনির বাজার কমছে। আসলে ভোগ্যপণ্যের বাজার কখনো স্থির থাকে না। অনেক সময় বুকিং বেড়ে যায়। আবার পণ্যের সরবরাহও কমে যায়। কোনো পণ্যের যখন দাম বেড়ে যায়, তখন সিন্ডিকেটের কারসাজির অভিযোগ ওঠে। অথচ দাম কমে গেলে এই প্রশ্নটি তখন আর আসে না। ভোগ্যপণ্যের বাজার ওঠানামা করে চাহিদা ও যোগানের ওপর। এখানে সিন্ডিকেট করে দাম বৃদ্ধির সুযোগ নেই।
