| ১৩ September ২০২৬ Sunday ১০:৫০:১২ PM | |
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বান্ধাঘাটা–কৈখালী সংযোগ সড়কের চেঁচরী রামপুর ইউনিয়নের খুনেরবাসা এলাকায় নৌ চলাচলের গুরুত্বপূর্ণ খালের ওপর অপর্যাপ্ত উচ্চতায় সেতু নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্মাণাধীন সেতুটির উচ্চতা পর্যাপ্ত না হওয়ায় খালের নিচ দিয়ে নৌকা ও ট্রলার চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এতে আশপাশের অন্তত তিনটি গ্রামের মানুষের সামাজিক যোগাযোগ ও কৃষিপণ্য পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খুনেরবাসা খালটি স্থানীয় তিনটি গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম প্রধান পথ। পর্যাপ্ত সড়ক সুবিধা না থাকায় দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ নৌকা ও ট্রলারের মাধ্যমে যাতায়াত এবং শাকসবজি ও কৃষিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহন করে আসছেন।
সম্প্রতি খালের ওপর থাকা পুরোনো স্টিলের বেইলি সেতুটি ভেঙে গেলে সেখানে নতুন পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। তবে স্থানীয়দের অভিযোগ, কাজ শুরু করার পর ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘ কয়েক মাস নির্মাণকাজ ফেলে রাখায় এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তীতে স্থানীয়দের প্রতিবাদের মুখে দ্রুতগতিতে কাজ শুরু করা হলেও সেতুটির নকশা ও উচ্চতা নিয়ে নতুন করে জটিলতা দেখা দিয়েছে।
এলাকাবাসীর সরেজমিন অভিযোগ, খালের তলদেশ থেকে জোয়ার-ভাটার পানি ও নৌযান চলাচলের প্রয়োজনীয় উচ্চতা হিসাব না করেই প্রায় ‘পানি ছুঁই ছুঁই’ অবস্থায় সেতুর কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এতে ছোট-বড় যেকোনো ধরনের ট্রলার বা নৌকা চলাচল স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
বিষয়টি নিয়ে স্থানীয় তিন গ্রামের ভুক্তভোগীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা জানান, সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে কোনো সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। ফলে কাজের স্বচ্ছতা ও ভবিষ্যৎ নৌ যোগাযোগ নিয়ে জনমনে সংশয় দিন দিন বাড়ছে।
এলাকাবাসীর আশঙ্কা, বর্তমান অপরিকল্পিত নকশা অনুযায়ী সেতুটি নির্মিত হলে একদিকে যেমন নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হবে, অন্যদিকে পণ্য পরিবহনে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় বেড়ে যাবে।
তাই নির্মাণকাজ শতভাগ শেষ হওয়ার আগেই বিষয়টি সরেজমিনে তদন্ত করে সেতুর নকশা ও উচ্চতা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের দ্রুত জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
