কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত

কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত

২৫ June ২০২৬ Thursday ৯:২০:৪২ PM

Print this E-mail this


কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার(২৫জুন) বিকেলে কাউখালী-ভান্ডারিয়া সড়কের শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহাদেব বিশ্বাস ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি পিরোজপুর ও ভান্ডারিয়া এলাকায় দায়িত্ব পালন করতেন। তার গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাদেব বিশ্বাস মোটরসাইকেলে পিরোজপুর থেকে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিলেন। পথে শিয়ালকাঠী চৌরাস্তা সংলগ্ন এলাকায় অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর অটোরিকশা চালক ও স্থানীয় লোকজন সড়কের ওপর তাকে ও দুটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পরে তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহত ব্যক্তির ছবি প্রকাশিত হলে তার সহকর্মীরা তাকে শনাক্ত করেন বলে জানা গেছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুর্ঘটনায় মহাদেব বিশ্বাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts