কলাপাড়ায় পরিবারের সবাইকে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

৯ August ২০২৬ Sunday ৯:২৩:১০ PM

Print this E-mail this


কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

Oplus_131072

কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় চেতনানাশক ওষুধ স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে নগদ দুই লাখ টাকা, তিন লাখ টাকার স্বর্ণালংকার, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।

শনিবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের আলম খানের বাড়িতে এ ঘটনা ঘটে। স্বজনেরা ভুক্তভোগী মো. আলম খান (৫১), আয়শা বিবি (৭৫), মাছুমা বেগম (৪৫), মো. রাসেল (৩০) ও হাফসা বেগম (২৫)-কে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও আয়শা বিবি ও মাছুমা বেগমের এখনো জ্ঞান ফেরেনি।

ভুক্তভোগী আলম খান জানান, তিনি ধান কেনাবেচার ব্যবসা করেন। প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। সকালে অনেক বেলা পর্যন্ত কারও ঘুম ভাঙছিল না। একপর্যায়ে বাড়ির অন্য সদস্যরা ডাকাডাকি করে এবং রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। শব্দে তাঁর ঘুম ভাঙলেও তিনি শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল অনুভব করেন। পরে ঘরের ভেতর আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।

আলম খানের ছোট ভাই বজলু খান বলেন, ‘সকালে আমরা চুরির খবর পেয়ে বড় ভাইয়ের বাসায় যাই। সেখানে গিয়ে দেখি সবাই অচেতন হয়ে পড়ে আছে। বাড়ির আলমারি ভাঙা এবং জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে আছে। পরে তাঁদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করি।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts