কর্ণফুলীতে ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারি আটক – দৈনিক আজাদী

কর্ণফুলীতে ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারি আটক – দৈনিক আজাদী





চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পাচারকালে ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ জন চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। রোববার (১০ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গত শনিবার (৯ মে) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচরের ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জাহাজ ‘কাণ্ডারী-০৬’ হতে অবৈধভাবে ‘ও.টি আজু শাহ’ নামক ওয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচারের সময় হাতেনাতে ৯ জনকে আটক করা হয়। এসময় প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে একটি তদন্ত কমিটি গঠন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




Explore More Districts