মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মুন্সিবাজার ইউনিয়ন ভিডিপি সদস্য মো. আশরাফুল আলমের একক উদ্যোগ ও নেতৃত্বে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে এক বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে।
জেলা কমান্ড্যান্ট এবং কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ইউএভিডিও)-র সার্বিক নির্দেশনা ও পরামর্শে মুন্সিবাজার ইউনিয়নের অন্যান্য ভিডিপি সদস্যদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অভিযানকালে মুন্সিবাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা, হাট-বাজারের সংলগ্ন স্থান এবং জনসাধারণের চলাচলের পথ থেকে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারসহ রাস্তার দুই পাশের ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হয়। এতে করে পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত হয়েছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে সচেতনতামূলক নির্দেশনাও দেয়া হয়।
উল্লেখ্য, ভিডিপি সদস্য মো. আশরাফুল আলম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অবদান রেখে আসছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে ইউনিয়ন ভিডিপি সদস্যরাও অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অভিযানে অংশ নেন।
স্বেচ্ছাসেবী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ। তারা জানান, আশরাফুল আলমের মতো তরুণদের এই ধরনের নিবেদিত কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করবে।

