এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি

এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন পরিকল্পনা অনুযায়ী, পিতা-মাতা ও স্বামী-স্ত্রীর নাম বাংলা লিপির পাশাপাশি ইংরেজিতেও যুক্ত করা হবে। একই সঙ্গে নিবন্ধন ফরমে নিজের ডাকনাম ছাড়াও পিতা-মাতা ও স্বামী-স্ত্রীর ডাকনাম সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এনআইডিতে ইংরেজি বানান না থাকায় নাগরিকদের প্রায়ই নানা জটিলতায় পড়তে হয়—বিশেষ করে পাসপোর্ট, ভিসা কিংবা বিদেশগমনসংক্রান্ত কাজে। অনেক ক্ষেত্রে নামের অসামঞ্জস্যতার কারণে সংশোধনের সময় ভুল তথ্য দেওয়ার প্রবণতাও দেখা যায়। এসব সমস্যার স্থায়ী সমাধানেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইসির এনআইডি অনুবিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে জাতীয় পরিচয়পত্রে কেবল বাংলা ভাষায় নাম লিপিবদ্ধ থাকে। অথচ শিক্ষা সনদ, জন্মনিবন্ধন ও পাসপোর্টে ব্যক্তি ও তার পিতা-মাতার নাম ইংরেজিতেও উল্লেখ থাকে। ফলে বিভিন্ন দাপ্তরিক কাজে তথ্যের অমিল তৈরি হয়। এ অসঙ্গতি দূর করতেই এনআইডিতে ইংরেজি নাম যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, পিতা-মাতার পাশাপাশি স্বামী বা স্ত্রীর নামও ইংরেজিতে অন্তর্ভুক্ত করা হবে। তবে ডাকনামগুলো কেবল ডেটাবেজে সংরক্ষিত থাকবে; এনআইডি কার্ডে তা প্রদর্শিত হবে না। কার্ডে নিজের নাম ও পিতা-মাতার নাম বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই থাকবে।
এ বিষয়ে এনআইডি অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রস্তাবটি বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা পর্যালোচনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ধাপে ধাপে এই পরিবর্তন কার্যকর করা হবে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০, পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

Explore More Districts