এডহক কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে উত্তেজনা, ঝিকরগাছায় ঝাড়ুমিছিল

যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও ঝাড়ুমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় শিওরদাহ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি ঝাড়ুমিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নির্বাসখোলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইমামুল রহমানের সভাপতিত্বে এবং শফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নির্বাসখোলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন কবির, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান কবির, ব্যবসায়ী ও যুবনেতা মুকুল হোসেন, আজগর আলী, সাবিনা বেগম, আবেদা বেগম, খাদিজা আক্তার ও লাবনী বেগমসহ স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে নিয়মনীতি অনুসরণ করা হয়নি। তাদের দাবি, এ বিষয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বিদ্যালয়ের রেজুলেশন সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর মো. শাহজালাল, মেহেদী হাসান ও ইমাম হাসান—এই তিনজনের নাম সভাপতি প্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়। তবে প্রস্তাবিত ওই তিনজনের কাউকে সভাপতি না করে আশরাফুজ্জামানকে এডহক কমিটির সভাপতি হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক কুমারের কাছে জানতে চাইলে তিনি বলেন, রেজুলেশনের মাধ্যমে তিনি যে তিনজনের নাম প্রস্তাব করেছিলেন, তাদের কেউ সভাপতি মনোনীত হননি। বর্তমান এডহক কমিটির সভাপতি আশরাফুজ্জামান কীভাবে মনোনীত হয়েছেন, সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম বলেন, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের বিষয়ে তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয় বলে জানান তিনি। এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেন।

এদিকে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা বিদ্যালয়ের কমিটি গঠনের ক্ষেত্রে প্রচলিত নিয়মনীতি অনুসরণ করে এলাকার মধ্যে থেকে একজন যোগ্য ব্যক্তিকে সভাপতি হিসেবে মনোনীত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এডহক কমিটি গঠনের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

এ ঘটনায় শিওরদাহ এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Explore More Districts